নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার সংক্রান্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বাহিনীটি জনগণের আস্থা অর্জন করেছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ এলাকার মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়। নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জ সদর থানাধীন রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনের চারতলায় আসাদ মিয়ার মিনি গার্মেন্টসে সেলাইয়ের কাজ করতেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কারখানা থেকে ভিকটিমের বোনকে ফোন করে জানানো হয় যে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। খবর পেয়ে ভিকটিমের বোন ঘটনাস্থলে এসে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ মুন্সিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান। পরে দাফনের আগে মরদেহ গোসল করানোর সময় তার শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। বিষয়টি স্থানীয় থানাকে অবগত করলে ভিকটিমের ভাই বাদী হয়ে হত্যার সঙ্গে জড়িত দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে আসামিরা যোগসাজশে তাকে হত্যা করেছে। ঘটনাটি বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৪ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার সংক্রান্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর প্রধান আসামি পারভেজ ওরফে কালু (২২), পিতা—মৃত সুজন শেখ, মাতা—পারুল বেগম, সাং—রনছ হাওলাপাড়া, থানা—মুন্সিগঞ্জ সদর, জেলা—মুন্সিগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা-এ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন