ঢাকার আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মো. জুয়েল মিয়া (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া প্রাইভেটকারও জব্দ করা হয়।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
র্যাব জানায়, বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এসময় একটি সিলভার রঙের নোয়া গাড়ি সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা গাড়িটির পিছু নেন এবং বিকেল পৌনে ৫টার দিকে সেটিকে থামাতে সক্ষম হন।
পরে উপস্থিত লোকজনের সামনে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১২টি পুটলায় রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
আটক জুয়েল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আবদার সালেহার বটতলা এলাকার ওমর আলী ওরফে কাজল মিয়ার ছেলে বলে জানা গেছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে গাজীপুর, টাঙ্গাইলসহ ঢাকার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন