চট্টগ্রাম: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই পড়েছে, ফলে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
শুক্রবার চট্টগ্রামে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাস আমদানির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে একাধিক দেশের সঙ্গে জ্বালানি সংগ্রহ (প্রকিউরমেন্ট) সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা, শিল্পকারখানা সচল রাখা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সরকার কোনো ধরনের আপস করবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “এখন পর্যন্ত জ্বালানি ঘাটতির কারণে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। শিল্পকারখানা স্বাভাবিকভাবে চলছে, এমনকি ঈদযাত্রাও নির্বিঘ্ন হয়েছে।” তবে উচ্চমূল্যে জ্বালানি আমদানির কারণে সরকারি তহবিলে চাপ তৈরি হচ্ছে বলেও স্বীকার করেন তিনি। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে বাজেট বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন মন্ত্রী।
সংকট মোকাবেলায় দ্রুত নতুন সিদ্ধান্ত আসবে জানিয়ে আমীর খসরু বলেন, সরকার ইতোমধ্যে জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
পুঁজিবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। ব্যাংকনির্ভর ঋণের পরিবর্তে বড় বিনিয়োগকারীদের পুঁজিবাজারমুখী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।
এ ছাড়া শিক্ষাখাত নিয়ে তিনি বলেন, দেশে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে পর্যাপ্ত সমন্বয় নেই। উন্নত দেশগুলোর মতো শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে না পারায় গবেষণা ও দক্ষতা উন্নয়নে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।”
মন্ত্রী আরও বলেন, প্রযুক্তিভিত্তিক নতুন অনুষদ চালুর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব, যা দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
মন্তব্য করুন