দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা। রিটে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
একইসঙ্গে, দেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
এর আগে বুধবার (১ এপ্রিল) মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া ২৪ ঘণ্টার মধ্যে শিশুদের হামের টিকা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠান। নোটিশটি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে পাঠানো হয়।
বর্তমানে দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় রোগটির প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে।
স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, আক্রান্ত শিশুদের ৬০ শতাংশের বেশি ৯ মাসের কম বয়সী, যারা এখনো টিকার আওতায় আসেনি। সাধারণত ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে ৬ মাস বয়সেই প্রথম ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মন্তব্য করুন