রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক মাদ্রাসাছাত্রী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের নাম নুসরাত জাহান (১৪)।
মঙ্গলবার (আজ) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নুসরাতের বাবা মো. সোহাগ জানান, তাদের বাসা মোহাম্মদপুর এলাকার ফিউচার হাউজিংয়ে। আত্মীয়ের বাসা থেকে অটোরিকশায় করে পরিবারের সঙ্গে বাসায় ফেরার পথে গাবতলী বেড়িবাঁধে আরেকটি অটোরিকশার ধাক্কায় নুসরাত ছিটকে পড়ে যায়। ঠিক তখনই দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।
প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
স্বজনদের তথ্য অনুযায়ী, নুসরাত মোহাম্মদপুরের একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রী ছিল। তাদের গ্রামের বাড়ি সেনবাগ উপজেলায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন