নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে র্যাব-১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি ও কদমতলী এলাকায় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে জালকুড়িতে অবস্থিত জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ বৈধ কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে কদমতলীতে অবস্থিত কদমতলী জেনারেল হাসপাতাল-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তবে অভিযানের সময় মালিকপক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে হাজির হওয়ার শর্তে হাসপাতালের ম্যানেজারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ধ্বংস করা হয়েছে।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” শ্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, মাদক ও অবৈধ কর্মকাণ্ড দমনে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন